Main Menu

সিলেটে ট্রাক চাপায় দুই যুবক নিহত, আগুন-ভাঙচুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফাজিল চিশতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সজিব (২৫) ও লুৎফুর (২০)। এর মধ্যে সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি জালালাবাদ থানা এলাকায়। তারা দুজন ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় অন্তত চারটি ট্রাকেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া অন্তত ৩০টি ট্রাক ভাংচুর করা হয়। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে দুর্ঘটনায় দুই যুবক নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আটক ট্রাক চালকের নাম জাহিদ মিয়া (৪৮)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের মৃত মোজাহার এর ছেলে। রাত সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনার পর লুকিয়ে থাকা অবস্থায় জনগণের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১ টার পর এই সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। পুলিশে বিক্ষোব্ধদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে বলেও জানান তিনি। নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে নিহতের ঘটনায় এসএমপির কোতোয়ালি থানায় ট্রাক চালকসহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে নিহত সজিব আহমদের মা সালমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলায় গ্রেপ্তারকৃত ট্রাক চালক জাহেদ মিয়াকে (৪৮) প্রধান আসামী করা হয়। এর আগে সোমবার রাতেই ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশ। আটক ট্রাক চালক জাহিদ মিয়া (৪৮) বগুড়ার শিবগঞ্জের মৃত মোজাহার হোসেনের ছেলে।

এদিকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ট্রাক চালক জাহেদ মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, নিহত সজিবের মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় এজআহার নামীয় আসামী করা হয়েছে গ্রেপ্তারকৃত ট্রাক চালক জাহেদ মিয়াকে।

 

 

Share





Related News

Comments are Closed