১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাককর্মী জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেলসে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দু’দিন আগেই জানিয়েছিলেন, জর্ডানের একটি কোম্পানি ১২ হাজার দক্ষ পোশাক শ্রমিক নেবে। এ বিষয়ে কোম্পানিটির কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশে এসে আলোচনা চূড়ান্ত করবেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন জর্ডানের সর্ববৃহৎ পোশাক কারখানা ক্ল্যাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সানাল কুমার।
সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার কর্মীই বাংলাদেশের। তারা বাংলাদেশ থেকে আগামী বছর আরও ১২ হাজার কর্মী নিয়োগ দেবেন। বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠাই জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ বলে তিনি জানান। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছেন, যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন বলে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য।
জর্ডানের মিনা অঞ্চলে অবস্থিত ক্ল্যাসিক ফ্যাশন প্রতিদিনে সাড়ে চার থেকে পাঁচ লাখ পোশাক প্রস্তুত করে বলে কোম্পানিটির ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে। কোম্পানিটি বছরে ছয় কোটি ডলারের বেশি বিক্রি করে থাকে। নতুন শ্রমিক নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রপ্তানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন।
ক্ল্যাসিক ফ্যাশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।
Related News
‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগRead More
সারাদেশে গরম নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবেRead More



Comments are Closed