Main Menu

এবার ওরস হচ্ছে না বুরহান উদ্দিন (রহ.)’র মাজারে

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের কারণে সিলেটের হজরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজারে আগামী ১৯, ২০, ২১ ডিসেম্বর বাৎসরিক ওরস অনুষ্ঠিত হবে না। ওরসের ইতিহাসে প্রথমবারের মতো এবার উদযাপিত হবে না ওরস।

গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আতাউর রহমান ও মাজারের প্রশাসনিক কর্মকর্তা শাহ জালাল ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ছোট্ট পরিসরে এবার ওরস উদযাপন করবে মাজার কমিটি। তাই সকল ভক্তবৃন্দকে ঘরে ঘরে দুআ ও মিলাদ মাহফিল করার জন্য আহবান জানান তারা।

২০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাপ প্রদান করবেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। তাছাড়া মাজারের পক্ষ থেকে ছোট্ট পরিসরে দুআ ও মিলাদ অনুষ্ঠিত হবে।

গাজী সৈয়দ বুরহান উদ্দিনের মাজার সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহান উদ্দিনের সমাধি বলে জানা যায়। সিলেট নগরীর দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এ মাজারের অবস্থান। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন কুশিঘাট এলাকায় গাজী বুরহান উদ্দিনের ঐতিহাসিক বাড়িতেই তার সমাধি বা মাজারের অবস্থান।

শ্রীহট্ট (অধুনা সিলেট) অঞ্চলে বসবাসকারী খ্রিস্টিয় দ্বাদশ শতাব্দীর প্রথম মুসলমান পরিবারের স্মৃতি বিজড়িত এ স্থানটি সিলেটের অন্যতম পুণ্য তীর্থ হিসেবে পরিচিত। হযরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (রহ.)’র মাজারকে কেন্দ্র করে এখানে প্রতি দিন শত শত দেশ-বিদেশী দর্শনার্থীর আগমন ঘটে।

Share





Related News

Comments are Closed