Main Menu

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ১৪ লাখ ছুঁই ছুঁই

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় তাণ্ডব বিভিন্ন দেশে ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এর মধ্যেই বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রতিদিনই মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে কয়েক হাজার মানুষের নাম। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৪০৯ জন। এ নিয়ে এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ১৩ লাখ ৯৩ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৭ লাখ ৬৩ হাজার ৯৫০ জন।

এ ছাড়া গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০৯ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৬২ হাজার ৬৯৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৬৬১ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯১ লাখ ৪০ হাজার ৩১২ জন এবং মারা গেছে ১ লাখ ৩৩ হাজার ৭৭৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ৭১ হাজার ৪০১ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৯৭ জনের।

আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৪০ হাজার ২০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৭৩২ জন।

আক্রান্তে পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৩২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ১৭৯ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed