Main Menu

৫৫ ঘণ্টা পর সিলেটের সব এলাকায় ফিরেছে বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: টানা ৫৫ ঘন্টা পর অবেশেষে সিলেটের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে নগরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এরআগে বুধবার সন্ধ্যায় সিলেটের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিলো বিদ্যুৎ বিভাগ।

সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে গত মঙ্গলবার সকাল ১১টা থেকে বিদ্যুৎহীন ছিলো পুরো সিলেট।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট ওসমানী মেডিকেল এলাকা, নগরীর জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবিবাজার, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন উপজেলা ও এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

দক্ষিন সুরমা এলাকার বারখলার বাসিন্দা মতিউর রহমান তাদের এলাকায় বিদ্যুৎ আসার কথা নিশিচিত করেছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানিয়েছেন, অগ্নিকান্ডের পর মেরামত কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এখন সিলেটের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

পিডিবি সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। প্রয়োজন অনুযায়ী বন্ধ রেখে মেরামতের কোনো কাজ লাগলে তা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এরআগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় সিলেটের কুমারগাওয়ে জাতীয় গ্রিড লাইনে আগুন লেগে যায়। এরপর থেকেই বিদ্যুহীন হয়ে পড়ে পুরো সিলেট জেলা। এছাড়া সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন এই দুই জেলার বিদ্যুতের প্রায় সাড়ে ৪ লাখ গ্রাহক।

মঙ্গলবার দুপুরের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যায় দুটি ট্রান্সমিটার ও একটি কন্ট্রোল প্যানেল।

আগুন নিয়ন্ত্রনে আসার পরই ক্ষতিগ্রস্থ যন্ত্রপাতি মেরামতে নামেন বিদ্যুত বিভাগের প্রায় ৪শ’ কর্মী। ঢাকা থেকে নিয়ে আসা হয় ট্রান্সমিটার। টানা প্রায় ২৭ ঘন্টা মেরামত কাজের পর বুধবার সন্ধ্যা ৬টার পর বিদ্যুৎ সরবরাহ সচল হতে থাকে।

তবে টানা বিদুৎহীনতার কারণে মঙ্গলবার থেকে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বিদ্যুৎহীনতার সাথে দেখা দেয় তীব্র পানির সঙ্কট। ফলে নগরজুড়ে দেখা দেয় হাহাকার।

Share





Related News

Comments are Closed