Main Menu

সিলেটে ৩৭ দিনেও খোঁজ মিলেনি মাদ্রাসা ছাত্রের

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আতাউর রহমান (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র ৩৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। আতাউরের খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছেলেকে খুঁজে না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার মা-বাবা।

আতাউর উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের রফিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বিকেলে আতাউর খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাত হওয়ার পরেও সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের দুই সপ্তাহ পর আতাউরের কোনো খোঁজ না পেয়ে গত ১৯ অক্টোবর তার পিতা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু, নিখোঁজের ৩৭ দিন পার হলেও আতাউরের কোন খোঁজ এনে দিতে পারেনি পুলিশ।

আতাউরের মা নুরজাহান বেগম বলেন, কী কারণে তার ছেলে নিখোঁজ হয়েছে, তারা তা বুঝতে পারছেন না। এ নিয়ে তার পরিবারের লোকজন উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আমাদের ধারণা, কেউ তাকে অপহরণ করেছে।

আতাউরের বাবা বলেন, ছেলেটা নিখোঁজ হওয়ায় বাড়িতে খাওয়া-ঘুম সব বন্ধ হয়ে গেছে। ছেলের সন্ধানে আত্মীয়স্বজন যে যার মতো সন্ধান চালাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল বলেন, সব থানায় আতাউরের ছবিসহ নিখোঁজের বিষয়টি অবগত করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ খোঁজখবর করছে।

Share





Related News

Comments are Closed