সিলেটের নগর চত্বরকে ‘কামরান চত্বর’ ঘোষণার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্বোধন করা নগর চত্বরের সাইনবোর্ড সরিয়ে ‘জনতার কামরান চত্বরে’র সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
সোমবার (২৭ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে এসে গতকাল রোববার উদ্বোধন হওয়া ‘নগর চত্বর’ সাইনবোর্ড খুলে ‘কামরান চত্বর’ নামের নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশের শেষ পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আফতাব হোসেন খান সিটি কর্পোরেশনের মাসিক সভায় এ চত্বরের নাম ‘জনতার কামরান চত্বর’ হিসেবে নামকরণের চেষ্টা চালাবেন বলে জানান। এ নামের বাস্তবায়ন ঘটাতে না পারলে সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত ১৭ কাউন্সিলর সিসিকের পরবর্তীতে সিসিকের সভা বর্জন করবেন বলে জানান।
কর্মসূচিতে অংশ নেয়া সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার জানান, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুর পর এ চত্বরের নাম বদর উদ্দিন আহমদ কামরানের নামে নামকরণের ঘোষণা দিয়েছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু, রবিবার (২৬ জুলাই) রাতের আঁধারে তিনি ‘নগর চত্বর’ নামে এ চত্বরের নামকরণ করেছেন-যা সিলেটবাসীর আবেগে কুটারাঘাতের শামিল। তিনি অবিলম্বে এ চত্বরের নাম কামরান চত্বর করার দাবি তুলেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ২৪ ঘন্টার মধ্যে এ চত্বরের নাম ‘কামরান চত্বর’ হিসেবে ঘোষণা দিতে মেয়রের প্রতি আহবান জানান।
সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ জানান, বদর উদ্দিন আহমদ কামরান ৩৩ বছর সিলেটবাসীকে সেবা দিয়েছেন। তিনি বলেন, ২৮ জুলাই মঙ্গলবার সিটি কর্পোরেশনের মাসিক সভায় তারা বিষয়টি উপস্থাপন করবেন। এরপরের সভায় তারা বিষয়টি পাস করানোর চেষ্টা করবেন। তা না হলে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা একযোগে সিসিকের মাসিক সভা বর্জন করবেন বলে জানান তিনি।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াসি দিনার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী ও সাইফুল আহমদ ছফু প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আফতাব হোসেন খানও এতে সংহতি প্রকাশ করে অংশ নেন।
গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এরপর থেকেই সিটি পয়েন্টকে কামরান চত্বর নামকরণের দাবি উঠে। তবে এমন দাবি আমলে না নিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিটি পয়েন্টকে নগর চত্বর করায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed