Main Menu

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরেক বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মো. বাবুল হোসেন (২০) নামের এক যুবক মারা যান। ওই যুবক উপজেলার লামাগ্রামের আমির হোসেনের পুত্র। এ ঘটনায় একই গ্রামের চান মিয়ার পুত্র কয়েছ মিয়া (২০) গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত যুবকের লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তি পলাতক রয়েছেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে : কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান, সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে ভারতীয় খাসিয়া বাসিন্দাদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে এ দুই নাগরিক ভারতের ৮০০ গজ ভেতরে ঢুকে পড়ে বলে জানান তিনি। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় খাসিয়া নাগরিকরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর গুলি চালায়। গুলিতে বাবুল হোসেন মারা যায়। আহত কয়েছ মিয়া গুলিবিদ্ধ অবস্থায় কৌশলে বাংলাদেশে এসে পালিয়ে যায়।

তিনি জানান, সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য দল সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত পারাপার হয়ে ভারতে গমনের ব্যাপারে সর্বদাই নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ না করারও অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, ২০ জুন কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাবুল বিশ্বাস (৩০) নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়। এছাড়া, গত ২৩ মে থেকে ৫ জুলাই পর্যন্ত বাবুল বিশ্বাসসহ সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খাসিয়া নাগরিকদের গুলিতে চার বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বাবুল হোসেনকে নিয়ে এ সীমান্তে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

Share





Related News

Comments are Closed