Main Menu

ছাতকে করোনাভাইরাসে দুই বৃদ্ধের মৃত্যু

ছাতক প্রতিনিধি : সংক্রামক ব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ছাতকের দুই ব্যক্তি।

এদের মধ্যে আব্দুল গনি (৮৫) উপজেলার জাউয়াবাজার এলাকার বাসিন্দা এবং অপরজন বশির মিয়া (৫৮) ছাতক পৌর শহরের নোয়ারাই (ফকিরটিলা) এলাকার বাসিন্দা।

বশির মিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাস করে আসছিলেন।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঢাকার আনোয়ার খান হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ।

এদিকে মঙ্গলবার সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল গনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজহারুল ইসলাম।

তিনি জানান, গত ৬ জুন নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তার অবস্থার অবনতি হলে সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পুনরায় নমুনা পরীক্ষায় গত ২৭ জুন করোনা ভাইরাস নেগেটিভ হয়। অবশেষে নেগেটিভ হওয়ার ১০দিন পর তিনি ঐ হাসপাতালেই করোনা আইসোলেশন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ নিয়ে ছাতকে করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ জন। এখন পর্যন্ত ছাতকে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫৬ জন।

Share





Related News

Comments are Closed