Main Menu

করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৬ জুলাই) তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার দক্ষিণ সুরমাস্থ বেসরকারি এ হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সোমবার কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান এ চিকিৎসক।

সেলিম চৌধুরী সাংবাদিকদের জানান, ‘কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর গত শনিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেই। তারপর সোমবার হাসপাতালে ভর্তি হই। ভর্তির পর সেদিনই কোভিড-১৯ পজিটিভ হিসেবে রিপোর্ট আসে।’

আক্রান্ত হওয়ার আগে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো বোধ করছি। সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে ফিরবো বলে আশা করছি।’

সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। সব ধরণের গানেই তিনি সমান পারদর্শি। তবে এদেশে তার জনপ্রিয়তা মরমী সাধক হাছন রাজার গান গেয়েই। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি কুড়িয়েছেন সেলিম চৌধুরী। মঞ্চে কিংবা টিভি অনুষ্ঠানে তিনি হাছন রাজার গানই বেশি গান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি হাছন রাজার গান গেয়েছেন। শাহ আব্দুল করিমের গান গেয়েও সুনাম কুড়িয়েছেন গুণী এই শিল্পী।

Share





Related News

Comments are Closed