Main Menu

জাপানে বন্যা ও ভূমিধসে ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধমে অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৯ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বন্যাকবলিত একটি নার্সি হোম থেকে ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেখানে ভূমিধসের কারণে ভবনের নিচে আটকা পড়া অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়।

ইতোমধ্যে ওই এলাকার ২ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কিউশুতে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

তবে হঠাৎ করেই বন্যা হানা ও প্রাণহানির ঘটনায় জাপান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দেশটির জাতীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, কিউশুতে আগামী রবিবার পর্যন্ত ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

এদিকে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার নির্দেশের পর বহু মানুষ ঘরবাড়ি ফেলে জরুরি আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন।

এরইমধ্যে বন্যার তোড়ে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ভূমিধসের কবলে পড়েছে অনেক ঘরবাড়ি।

Share





Related News

Comments are Closed