Main Menu

ভারতে করোনায় আক্রান্ত ৪ লাখ, মৃত্যু ১২,৫৭৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এ পর্যন্ত ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৫৭৩। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৮৬ জন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছে এবং একইসময়ে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ২ লাখ ৪ হাজার ৭১১ জন সুস্থ হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২ লাখ ৪ হাজার ৭১০ করোনা রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩৮৬ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে বিশ্বের গড়ের তুলনায় ভারতের সুস্থ হয়ে ওঠা রোগীর হার খানিকটা কম। বিশ্বের গড় হার ৫৫ শতাংশের কাছাকাছি।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। রাজ্যটিতে এ পর্যন্ত ৫ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৫০৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ৭৫২ জন আক্রান্ত এবং ১০০ জন মারা গেছে।

মহারাষ্ট্রে গতকাল (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৭৫২ জন করোনা আক্রান্ত এবং ৫ হাজার ৬৫১ জনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যটিতে ৩ হাজার ৩০৭ জন আক্রান্ত এবং ১১৪ জন মারা গিয়েছিল।

করোনায় দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে এপর্যন্ত ৫২ হাজার ৩৩৪ জন আক্রান্ত এবং ৬২৫ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী দিল্লিতে ৪৯ হাজার ৯৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৫ জন মারা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে এ পর্যন্ত ২৫ হাজার ৬০১ জন আক্রান্ত এবং ১ হাজার ৫৯১ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৭৩৫ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৮। পশ্চিমবঙ্গে বিদেশ থেকে আসা বিমান এবং ভিন রাজ্য থেকে ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের এরাজ্যে নিয়ে আসার পরেই আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় রাজ্যে কন্টেইনমেন্ট এলাকা বেড়ে হয়েছে ২ হাজার ৪৫৫টি। কোলকাতায় সংখ্যাটা অত্যধিক হারে বেড়ে হয়েছে ১ হাজার ৪৫৭।

Share





Related News

Comments are Closed