Main Menu

চুনারুঘাটে স্বামীর লিঙ্গ কেটে নিলেন স্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্ত্রীর অমতে ২য় বিয়ে করায় প্রবাসী স্বামীর লিঙ্গ কেটে নিলেন প্রথম স্ত্রী। রোববার (১৪ জুন) রাত ২টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ি গ্রাম আলীনগরে এই ঘটনাটি ঘটে। আহত প্রবাসী স্বামী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, আলীনগর গ্রামের ইছাক মিয়া (৩৫) একই গ্রামের ছিদ্দিক আলীর কন্যা দিলারা খাতুনকে বিয়ে করেন ৮/১০ বছর আগে। তারা বর্তমানে দুই সন্তানের জনক-জননী। স্বামী ইছাক দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরব আছেন। প্রায় ৩ বছর আগে তিনি দেশে এসে একই ইউনিয়নের উসমানপুর গ্রামের আরও এক তরুণী যুবতীকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারছিলেন না বড় বউ দিলারা। যার কারণে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো নিয়মিত।

লকডাইনের ২০ দিন পূর্বে প্রবাসী ইছাক মিয়া বাড়িতে আসেন। বাড়ি আসার পর স্ত্রী দিলারার অমতে তিনি ছোট বউয়ের বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন। রোববার রাতে খাওয়া দাওয়া শেষে বড় বউ স্বামীকে আদর করে পিঠা খেতে দেন। পিঠা খেয়ে তিনি অচেতন অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২ টার দিকে সুযোগ করে দিলারা নিজেই স্বামীর লিঙ্গ কেটে নেন।

তখন স্বামী ইছাকের শোর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত ইছাককে হাসপাতালে প্রেরণ করেন। নিজের বিশেষ অঙ্গ হারিয়ে ওই প্রবাসী স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদিকে স্বামীর অঙ্গ কেটে ব্যাগে করে নিয়ে পালিয়েছেন বড় বউ।

এ বিষয়ে ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন চৌধুরী জানান, ‘আমরা ঘটনা সম্পর্কে অবগত আছি। পাশাপাশি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হককেও অবগত করা হয়েছে। ইতিমধ্যে সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক বলেছেন ১২ ঘন্টার মধ্যে কাটা অঙ্গ সংযোজন না করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। অনেক খোঁজাখুঁজি করে পলাতক বড় বউয়ের ব্যাগে থাকা সেই অঙ্গ পাওয়া যায়। এবং তা নিয়ে আত্মীয়রা সিলেটের পথে যাত্রা করেছেন।’

Share





Related News

Comments are Closed