Main Menu

সিলেট বিভাগে একদিনে ৯৩ করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে নতুন করে আরও ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২২ জন, সুনামগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ৩০ জন ও হবিগঞ্জে ২০ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০৪১ জনের।

রোববার (৩১ মে) রাতে সংশিষ্ট জেলার সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান রোববার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ জনের পজিটিভ আসে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১০ জন, জৈন্তাপুরের ৭ জন, দক্ষিণ সুরমার ৪ জন ও গোলাপগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭ জন।

একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় সংবাদ মাধ্যমকে জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এই ২১জন নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান জেলায় একদিনে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩০ জনের করোনা শনাক্ত হয়। তিনি বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে ১৮ জনই শ্রীমঙ্গল উপজেলার। বাকীদের মধ্যে কমলগঞ্জের ৬ জন, কুলাউড়ার ৩ জন, বড়লেখার ২ জন ও রাজনগরের একজন। এই ৩০ জন নিয়ে মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান উজ্জ্বল জানান জেলায় নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৯১।
শনাক্ত হওয়াদের মধ্যে বাহুবলের ৮ জন, চুনারুঘাটের ৪ জন, সদর উপজেলার ৪ জন, আজমিরীগঞ্জের ২ জন, নবীগঞ্জের ১ জন ও লাখাইয়ের ১ জন বলে জানিয়েছেন তিনি। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য এবং স্বাস্থ্যকর্মীও আছেন।

রোববারের ৯৩ জন সহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১০৪১ জনের। এরমধ্যে সিলেট জেলার রোগী সংখ্যা ৫৫৭ জন, সুনামগঞ্জে ১৬৫ জন, হবিগঞ্জে ১৯১ জন ও মৌলভীবাজারে ১২৮ জন জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৮ জন। এরমধ্যে সিলেটে ১৪, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। আর হাসপাতালে ভর্তি আছেন ১২২ জন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২৫০ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৯, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৪৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed