Main Menu

কমলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কিশোরী সঞ্চিতা শব্দকরের (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী এক বখাটে যুবকের উৎপাতে অতিষ্ট হয়ে সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৭টায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সঞ্চিতা শব্দকর শ্রীনাথপুর শব্দকর পাড়ার ব্রজেন্দ্র শব্দকরের মেয়ে।

শব্দকর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর বলেন, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সে কিশোরীকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। আজ ভোর ৬টায় কিশোরী ঘর থেকে বের হয়ে পূজার জন্য ফুল কুড়িয়ে আনে। সকাল ৭টার দিকে প্রতিবেশী সজল শব্দকরের বাড়ির খড়ের গাদায় রহস্যজনক আগুন লাগলে সবাই আগুন নেভাতে যান। এই ফাঁকে কিশোরী পরনের ওড়না গলায় পেঁচিয়ে ঘরের উপরের চালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পর কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

কিশোরীর বাবা ব্রজেন্দ্র শব্দকর অভিযোগ করে বলেন, ইন্তাজ মিয়ার বখাটে ছেলের উৎপাত চরম আকার ধারণ করেছিল। আর এ উৎপাতের কারণেই আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বাদশা আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ইন্তাজ মিয়ার ছেলে মধু মিয়া আসলেই একজন বখাটে। এখন পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান শব্দকর কিশোরীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed