Main Menu

হবিগঞ্জে নারায়নগঞ্জ ফেরত ৬৫ নারী-পুরুষ আটক

হবিগঞ্জ সংবাদদাতা: নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জে পালিয়ে আসা ৬৫ নারী পুরুষকে আটক করে আইসোলেশনে পাঠয়েছে পুলিশ। আজ বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সাদকপুর এলাকায় তাদেরকে আটক করে বানিয়াচং থানা পুলিশ।

পুলিশ জানায়- করোনাভাইরাসের ‘ডেঞ্জারজোন’-এ পরিণত হয়েছে নারায়নগঞ্জ জেলা। ফলে আতঙ্কে ওই এলাকায় বসবাসকারী বিভিন্ন অঞ্চলের মানুষ লকডাউন ভেঙে রাতের আধারে পালিয়ে আসার চেষ্টা করছেন। মঙ্গলবার রাতে কাগজ নিয়ে ঢাকা থেকে একটি ট্রাক হবিগঞ্জ অতিক্রম করছিলেন। এ সময় রাতে দায়িত্বরত হবিগঞ্জ সদর থানা পুলিশ ট্রাকটি আটক করার চেষ্টা করলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বানিয়াচং উপজেলার খাগাউড়া ফাঁড়ির সহযোগিতায় আটক করলে ট্রাকে বিভিন্ন মালামাল আছে বলে জানায় চালক।

বিষয়টি পুলিশের সন্দেহ হলে তারা ট্রাকে তল্লাশি চালান। এ সময় সেখানে মালামালের পরিবর্তে ৬৫ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়। তারা সবাই নারায়নগঞ্জ থেকে পালিয়ে এসেছে। তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- বর্তমানে তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। এখন স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষা-নিরিক্ষা করবে।

Share





Related News

Comments are Closed