Main Menu

নাট্যকর্মী রাকেশ ভট্টাচার্য্যের প্রয়াণ

বৈশাখী নিউজ ডেস্ক: দর্পণ থিয়েটার সিলেটের নাট্যকর্মী রাকেশ ভট্টাচার্য্য আজ রোববার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় শ্রীমঙ্গল শহরে একটি বেসরকারী হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি এক পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর অন্তোষ্টিক্রিয়া আজ রাতেই শ্রীমঙ্গলস্থ শ্মশানঘাটে সম্পন্ন হবে।

রাকেশ ভট্টাচার্য্য দর্পণ থিয়েটার সিলেটের সাথে জড়িত ছিলেন প্রায় দুই যুগ ধরে। তিনি দর্পণ থিয়েটার সিলেটের সাধারণ সম্পাদকসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের যুগ্ম-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মূলত নাট্যকার হিসেবেই তিনি এই অঙ্গণে বিশেষভাবে পরিচিত ছিলেন। তাঁর লেখা বেশ কটি পথ নাটক দর্পণ থিয়েটার, নান্দিক নাট্যদল সিলেটসহ অন্যান্য নাট্য সংগঠন মঞ্চস্থ করেছে বহুবার। একই সাথে নিজ সংগঠনে নাটক নির্দেশণা প্রদান ও অভিনয়েও সমানভাবে পটু ছিলেন। লেখালেখিতে দক্ষ রাকেশ ভট্টাচার্য্যর আরেকটি পরিচয় ছিলো লিটল ম্যাগাজিন লৌকিক এর সম্পাদক হিসাবেও। কর্মজীবনে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন পত্রিকায় কাজের মাধ্যমে।

তাঁর মৃত্যুর খবরে সিলেট নাট্যাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক যৌথ বিবৃতিতে রাকেশ ভট্টাচার্য্যর আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed