Main Menu

সিলেটে জীবাণুনাশক ছিটাচ্ছে সেনাবাহিনী

বৈশাখী নিউজ ২৪ ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের প্রেক্ষিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। সিলেটে বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন।

সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি শুক্রবার সিলেটের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

শুক্রবার সিলেটের রেল স্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করে সেনা সদস্যরা। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে।

এরআগে নগরীতে সিটি করপোরেশন, পুলিশ ও দমকল বাহিনী জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করে। এবার সেনাবাহিনীও এই কার্যক্রম শুরু করলো।

এদিকে, বিকেল ৩ টা থেকে তাদের পুরো ১৫টি টিম মাঠে কাজ করছে। টিমগুলো ভাগ হয়ে টহল দিচ্ছে সিলেট জেলার প্রতিটি উপজেলায়। টহলকালে সেনাবাহিনী হ্যান্ড মাইক দিয়ে সিলেটবাসীকে কোনো ধরণের গুজবে কান না দিয়ে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার এবং সচেতন ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিচ্ছেন তারা।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (মিডিয়া) মো. মেজবাহ উদ্দিন জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকেই মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। নগরসহ সিলেট জেলার সব উপজেলায় রাত পর্যন্ত সশস্ত্র এই বাহিনীর একাধিক টিম টহল দেবে।

তিনি জানান, সেনাবাহিনীর প্রতিটি দলের সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed