Main Menu

কুলাউড়ায় শ্যালিকাকে ‘ধর্ষণ’, দুলাভাই কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই সুমন মিয়াকে (২৬) কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার সকালে কুলাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করে। শ্যালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানা পুলিশ ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. গনি শাহের ছেলে সুমন মিয়া (২৬) স্ত্রী সন্তানসহ হাজীপুর ইউনিয়নে শ্বশুড়বাড়িতে ২-৩ দিন আগে বেড়াতে যান। গতকাল শনিবার বিকালে শ্যালিকাকে নিয়ে বেড়ানোর কথা বলে পার্শ্ববর্তী উপজেলা কমলগঞ্জে যান। সেখানে রাতে কিশোরী শ্যালিকাকে ধর্ষণ করেন তিনি। তবে রাতে তারা বাড়িতে না ফেরায় বিষয়টি ওই কিশোরীর বাবা কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।

আজ রবিবার সকালে কমলগঞ্জ থেকে সুমন মিয়া সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় কিশোরির বাবা কুলাউড়া থানায় সুমন মিয়াকে আসামী করে একটি মামলা (নং-০৩, তারিখ ০৮/০৩/২০২০) দায়ের করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে সুমন মিয়াকে আদালতে হাজির করে পুলিশ।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, অভিযোগের ভিত্তিতে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed