Main Menu

নিজের বুকে গুলি করলেন পুলিশ সদস্য তপু

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানায় নিজের অস্ত্র (চায়নিজ রাইফেল) দিয়ে বুকের বাম দিকে গুলি করে আত্নহত্যার চেষ্টা করেছে তপু দেবনাথ (২০) নামের এক পুলিশ কনস্টেবল (নং ৭৮১)। প্রেমে ব্যর্থ হয়ে এমনটি করেছেন বলে বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার ( ৪ ফেব্রয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার ছাদের উপর নিজের বুকে গুলি করার আগে মোবাইল ফোনে একটি মেয়ের সঙ্গে ঝগড়া করেন তপু্। এমনটাই জানা গেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা পুলিশ সদস্যদের সঙ্গে আলাপ করে।

কনস্টেবল তপু মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাশিনগর গ্রামের তমাল দেবনাথের পুত্র। কি কারণে তিনি আত্নহত্যার চেষ্টা করেন তাজানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত কারনে এমনটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ নতুন বাজার এলাকায় একটি মারামারির খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ব্যারাক থেকে নিচে নেমে এসে প্রস্তুতি নেন। কিছুক্ষণ পর খবর আসে মারামারি নিয়ন্ত্রনে চলে এসেছে। এরপর রাতের টহল ডিউটির জন্য যখন পুলিশ সদস্যরা প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় মোবাইলে কথা বলতে বলে ব্যারাকের ছাদের দিকে উঠেন তপু। এসময় একটি গুলির শব্দ সবার কানে আসে। গুলির শব্দ পেয়ে পুলিশের সদস্যরা ছাদের দিকে গেলে দেখতে পান কনস্টেবল তপু মাটিতে পড়ে আছেন। আর তার বুকের বাম দিক থেকে রক্ত বের হচ্ছে। তাড়াহুড়া করে প্রথমে আশংঙ্কাজনক অবস্থায় তপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তপুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনসহ উর্ধতন কর্মকর্তারা রাতেই ওসমানী হাসপাতালে তাকে দেখতে যান।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, প্রাথমিকভাবে নিজে নিজে আত্মহত্যার চেষ্টা করছিল তপু। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। কি কারণে সে আত্নহত্যার চেষ্টা করেছে আমরা এখনও তা জানতে পারিনি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে। তবে কনস্টেবল তপু দেবনাথের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বনাথ থানার ওসি শামিম মূসা জানান, নিজে আত্মহত্যা করতে চেয়েছিলেন তপু। কি কারনে তদন্ত করে বিষয়টি জানা যাবে।

Share





Related News

Comments are Closed