Main Menu

বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে বাহাড়া দুবাগ গ্রামের আবদুল খালিকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতদলের হামলায় গৃহকর্তা আবদুল খালিক আহত হয়েছেন। এসময় ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ আসবাবপত্র লুঠ করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন তালুকদার।

গৃহকর্তা আবদুল খালিকের বাতিজা হাসান মিয়া জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মুখোশধারী ৮ জনের ডাকাতদল চাচার বসতঘরের গেইটের তালা ও দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল পরিবারের সকল সদস্যদের বেধে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় চাচা আবদুল খালিকের কাছে এক ডাকাত ঘরের আলমিরার চাবি চাইলে তিনি তা দিতে রাজি না হওয়ায় ডাকাতদল তার ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এসময় ডাকাতদল জোরপূর্বক আলমিরার চাবি নিয়ে ঘরে থাকা আলমিরা থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩৩ হাজার টাকা ও ২টি স্মার্ট মোবাইল ফোনসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, বিষয়টি শুনেছি। তবে খোঁজ নিয়ে দেখছি।

Share





Related News

Comments are Closed