ছাতকে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে আওয়ামী লীগের ইউনিয়ন প্রতিনিধি সভায় মিছিল নিয়ে যাওয়ার সময় হামলা করেছে দলের প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা। পরে হামলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ব্যর্থ হলে সুনামগঞ্জ ও ছাতক থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই সময় পুলিশ ৫০ রাউন্ড শর্টগানের গুলি ও ২৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, ছাতকের জাউয়াবাজার, সিংচাপইড়, চরমহল্লা, দক্ষিণ খুরমা ও ভাঁতগাও ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভার আয়োজন করেন মুকুট সমর্থকরা। সভায় প্রধান অতিথি হিসেবে ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে প্রবীণ আওয়ামী লীগ নেতা আবরু মিয়া তালুকদার ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখার কথা ছিল। একই সময় মানিক সমর্থকরা পাল্টা সমাবেশ করতে চাইলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর সংঘর্ষ চলাকালে দু’পক্ষই পরস্পরকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা বিভিন্ন হাপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে আওয়ামীলীগ কর্মী আশরাফ, দুলন, আমিন, সৌরভ ও রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে টায়ারে আগুন জালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংঘর্ষকারীরা। এতে সড়কের দুইপাশে শত শত গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী জানান, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সংঘর্ষ থামাতে পুলিশ গুলি, টিআরসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করার কথা জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুটের সমর্থকদের মধ্যে ‘কটূক্তি’ নিয়ে মিছিল-সমাবেশ হচ্ছে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ এনে পাল্টা পাল্টি কর্মসূচি পালন করে আসছেন। এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে মুকুট বলয়ের পক্ষ থেকে ইউনিয়ন প্রতিনিধি সভা আহবান করা হয়। স্থানীয় শাহিন চৌধুরীর বাড়ির মাঠে ওই সমাবেশ শুরু হয় বেলা ২টার দিকে। মুল অনুষ্ঠান শুরুর আগেই মিছিলে প্রতিপক্ষের হামলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed