Main Menu

সিলেটে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

বৈশাখী নিউজ ডেস্ক: পেঁয়াজের দাম কমেও যেনো কমছে না। আড়াইশ’ থেকে ১৩০ টাকা কমলেও এখনো ১২০ টাকা পেঁয়াজের কেজি।

সিলেটের খুচরা বাজারে পেঁয়াজ ১৩০ টাকা এবং পাইকারি বাজারে ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায়ও যখন ক্রেতাদের নাভিশ্বাস, খানিকটা হলেও প্রশান্তি যোগাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ক্রেতাদের কাছে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

এর আগে র‌্যাবের অভিযানে জব্দ করা পেঁয়াজ বিক্রি করেছিল টিসিবি। ৪৫ টাকা দরে ওই পেঁয়াজ নিতে মানুষের ভিড় ছিল স্মরণীয়। এবার সরকারের আমদানি করা পেঁয়াজ বাজারে বিক্রি করছে টিসিবি। ক্রেতাদের কাছে এককেজি করে পেঁয়াজ বিক্রি করছেন বলেও জানান সংশ্লিষ্টরা।

সরেজমিন দেখা যায়, নগরীর রিকাবিবাজার পয়েন্ট সংলগ্ন সড়কের পাশে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনে নিচ্ছেন।

লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে আসা মাসুম আহমদ বলেন, বাজারে এখনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে। এ অবস্থায় কিছুটা কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনে নিচ্ছি।

নগরীর রিকাবি বাজারের মুদি দোকানি রুকন আহমদ বলেন, পেঁয়াজ এখনো তারা ১৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তাও পাইকারি বাজারে কিনতে গেলে ভালো পেঁয়াজ পাওয়া যায় না। যেগুলো কিনে আনছি, এর মধ্যে কয়েক কেজি পচা বের হয়। ফলে গাড়ি ভাড়াসহ মিলিয়ে ১৩০ টাকা বিক্রি না করলে পোষায় না।

টিসিবি সিলেটের আঞ্চলিক কর্মকর্তা ইসমাইল মজুমদার বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়ায় ১৩ টন পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এরমধ্যে সিলেট নগরীর রিকাবিবাজার ও সার্কিট হাউসের সামনে দু’টি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, পেঁয়াজ পচনশীল উপকরণ। তাই রাখা যায় না। এ জন্য রাতে চালান আসলেই পর দিন বিক্রি করা হবে।

Share





Related News

Comments are Closed