Main Menu

কর্মবিরতিতে ১৯ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর সচিব মাহবুব আলম পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সিলেট বিভাগের ১৯ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল থেকে তারা একযোগে কর্মবিরতি পালন শুরু করেন।

এর আগে পৌর সচিবের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ নকিবুর রহমান সোমবার সিলেট বিভাগের ১৯টি পৌরসভায় একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

এছাড়া আগামী ২ নভেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রোববার (২৭ অক্টোবর) দুপুরে হঠাৎ পৌর কার্যালয়ে এসে পৌর সচিব মাহবুব আলম পাটোয়ারীর ওপর হামলা চালায় একদল লোক। এ বিষয়ে হাসপাতালে ভর্তি আহত পৌর সচিব মাহবুব আলম পাটোয়ারী বলেন, ‘আমি শায়েস্তাগঞ্জ পৌরসভায় যোগদান করার পর থেকে নাগরিক সেবা প্রদান করে আসছি। আমার সাথে কারো কোন বিরোধ নেই। তারপরও আমার ওপর হামলা চালানো হলো। এ ঘটনায় আমিসহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, কর আদায়কারী সুজিদ দত্ত ও নওরোজ মিয়াও আহত হন। ’

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, পৌরসভায় ডিজিটাল নিবন্ধন নিয়ে ঝামেলা হচ্ছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কিন্তু এর আগেই হামলায় পৌর সচিব আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এ পর্যন্ত পৌর সচিবের পক্ষ থেকে আমাদের কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed