Main Menu

সিলেটে পেঁয়াজের দাম লাগামহীন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৬০ থেকে ৬৫ টাকা। শনিবার খুচরা বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। এভাবে চলতে থাকলে নিম্ন আয়ের মানুষগুলোর দুর্ভোগের সীমা থাকবে না।

পেঁয়াজের আকাশছোঁয়া এমন দামের কারণে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা পেঁয়াজের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে আধা কেজি কিংবা ২৫০ গ্রাম করে পেঁয়াজ কিনছেন।

সিলেটের বড় কাঁচামালের বাজার কালিঘাটের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে পেঁয়াজের অস্থিত্বই নেই। আর কিছু কিছু দোকানে এক-দুই বস্তা করে পেঁয়া্জ রাখা রয়েছে। আর এসব পেঁয়াজ বস্তা আকারে নয়; বরং কেজি দরেই বিক্রি করছেন তারা। যদিও ভরা মৌসুমে পেঁয়াজে সয়লাব থাকতো কালিঘাটের দোকানগুলো।

এদিকে, গত দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ফলে দিনমজুর মানুষগুলো কাজে যেতে পারছেনা। যারা প্রতিদিন কাজে বের হলে ঘরে খাবার আসে তারা পড়ছেন বড় বিপাকে। এরমধ্যে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্মআয়ের মানুষগুলো। অনেকে দামের কারণে পেঁয়াজ ক্রয় না করে বাড়ি ফিরছেন।

ক্রেতারা বলছেন, সরকার তুরস্ক, মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানীর পরও কেন দাম কমছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারবেন না। গুটি কয়েক আমদানীকারক এবং আড়ৎদারেরা জোগসাজসে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।

দিনমজুর মনির মিয়া বলেন, ৪/৫দিন আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৮০-৮৫ টাকা। আর এখন বলছে ১২৫ টাকা।

নগরীর কুমারপাড়ার মুদি ব্যবসায়ী আলী হোসেন বলেন, আমরা কী করবো। প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকায় পাইকারি দামে কিনেছি। এখন ১২৫ টাকায় বিক্রি করছি। তিনিও ক্ষোভের সঙ্গে বলেন, ব্যবসা করতে আর ভালো লাগছে না। পেঁয়াজের দাম নিয়ে প্রতিদিন ক্রেতাদের সঙ্গে ঝগড়া-ঝাটি করতে হয়।

দোকানিরা বলছেন, আড়তেও পেঁয়াজের সংকট। এ কারণে বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন, ‘ক্রেতারা চায় বলেই পেঁয়াজ বিক্রির জন্য রেখেছি। নয়তো পেঁয়াজ বিক্রি করতামই না।’

লালবাজারের মারুফ ভেরাইটিজ এর সত্বাধিকারী মারুফ আহমদ বলেন, ‘পাইকারি বাজার থেকে ১২০ থেকে ১২৫ টাকা দরে পেঁয়াজ কিনে আনতে হয়। এ কারণে দুই-তিন টাকা বেশি দরে ১২৮-৩০ টাকায় বিক্রি করছেন তারা।’

এদিকে জেলা প্রশাসনের কৃষি বিপণন মার্কেটিং কর্মকর্তা মো. মোরশেদ কাদের বলেন, ‘কিছুদিন আগেও খবরে দেখেছি ২০ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। সিলেটের বাজারে অভিযান চালালে, তারা পেঁয়াজের সংকট দেখাচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন ১০/১২ ট্রাকের স্থলে এখন ১/২ ট্রাক পেঁয়াজ আসছে। যেকারণে দাম বাড়ছে।’

Share





Related News

Comments are Closed