ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৭২
আন্তর্জাতিক ডেস্ক : চাকুরি বাড়ানো, জনসেবার মানোন্নয়ন আর সীমাহীন দুর্নীতি রোধের দাবিতে কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদির বিরুদ্ধে আন্দোলন করছেন জনসাধারণ। আইন-শৃঙ্খলা বাহিনীর বড় আকারের অভিযান সত্ত্বেও জনগণের আন্দোলন অব্যাহত রয়েছে৷
শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত ৭২ ইরাকি নিহত ও সাতশ’রও বেশি আহত হন। শনিবার (৫ অক্টোবর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত এক বছরের বেশি সময়ের মধ্যে বাগদাদে সংঘটিত সবচেয়ে বড় জনবিদ্রোহ এটি। প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের কোনো দাবি মেনে নেয়ার কোন ইঙ্গিত দেননি।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের অধিকার আদায়ের আগ পর্যন্ত রাজপথেই অবস্থান করবেন বলে জানিয়েছে বিক্ষোভরত হাজারো মানুষ।
শুক্রবার (৪ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্র তাহরীর স্কয়ারে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, ওই সময় ঘটনাস্থলেই অন্তত ১০ জন নিহত হয়। এদিকে বাগদাদ পুলিশ বলছে, অজ্ঞাতনামা স্নাইপারের গুলিতে ২ পুলিশ সদস্যসহ ৪ জনের প্রাণহানি হয়েছে।
অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি মানতে শনিবার বাগদাদে জারি করা দিনব্যাপী কারফিউ তুলে নিয়েছে প্রশাসন। তবে বিক্ষোভকারীরা যেন সহজেই জড়ো হতে না পারে, এজন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটসেবা।
এর আগে গত মঙ্গলবার (১ অক্টোবর) ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সরকারের বিরুদ্ধে রাজধানী বাগদাদে জড়ো হয়ে বিক্ষোভ করে দেশটির সাধারণ মানুষ। ওইদিন তাদের বিক্ষোভে হামলা চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।
Related News
নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪Read More
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রRead More



Comments are Closed