Main Menu

সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে সিলেটে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশে যথাসময়ে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯ টার দিকে সমাবেশের অনুমতির বিষয়টি সাংবাদিকের জানানো হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়েছেন বলে জানা গেছে।

বিএনপির এই দুই নেতা মঙ্গলবার সকাল ৯টা ৩৩ মিনিটে পুলিশ কমিশনারের সাথে মোবাইল ফোনে কথা বলে সমাবেশ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট জেলা বিএনপির সূত্রে জানা যায়, মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ সব নেতারা উপস্থিত থাকবেন।

কারান্তরিণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ যথাসময়ে যথাস্থানে হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এজন্য সমাবেশ হচ্ছে না বলে যে খবর ছড়িয়েছে তাতে নেতাকর্মীদের কোনো রকম বিভ্রান্তিতে না পড়ারও আহবান জানান তিনি।

সোমবার রাতে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ করার জন্য ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নিয়ে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে কথা বলেছেন। এছাড়া দলের মহাসচিব ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তাই দলের নেতাকর্মীদের বিভ্রান্তিতে না পড়ে সিলেট বিভাগের বিএনপির সব পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে যথাসময়ে সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান।

এর আগে রাত ৯টার দিকে একটি খবর ছড়ায়, সিলেটে বিএনপির সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের একাধিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছিলো, বিএনপিকে রেজিস্টারি মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তবে তাদের ঘরোয়া প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে কোন বাধা দেয়া হবে বলেও সূত্রটি জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদও প্রচার হয়।

এদিকে মঙ্গলবার বেলা ২টার মধ্যে রেজিষ্টারী মাঠের সমাবেশে যথা সময়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস আজ সকালে পাওয়া গেছে বলেও জানান তারা।
মঙ্গলবার সকালে জরুরী বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, রেজিষ্টারী মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। আমাদের পূর্বঘোষিত সমাবেশ যথা সময়ে যথা স্থানে অনুষ্টিত হতে যাচ্ছে। সবাইকে দলে দলে যোগ দেয়ার আাহবান জানান তারা।

Share





Related News

Comments are Closed