Main Menu

‘আমার বিরুদ্ধে মিথ্যা গল্প ছুড়ছে কেন্দ্র ছাত্রলীগ’

জাবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যে চিঠি দিয়েছে, সেই গল্পটা তাদের সাজানো অপপ্রচার। আমি জোরের সাথে বলছি, গল্পটা মিথ্যা। তারা আমার বিরুদ্ধে মিথ্যা গল্প ছুড়ছে, আমি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি প্রমাণ করতে। শুধু তাদের না, আমি অনুসন্ধান করতে বলছি আপনাদেরকে (সাংবাদিকদের)। আমি তদন্ত করতে বলব চ্যান্সেলর এবং ইউজিসিকে, যে তদন্ত করে দেখুন আসল সত্যটা কি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

তিনি বলেন, শোভান-রাব্বানী এখন বলছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেয়া হয়েছে। কিন্তু তারা আমার কাছে চার থেকে ছয় শতাংশের দাবি নিয়ে এসেছিল সেটি তো একবারও বলেনি। তারা বলেছিল, ‘অন্য জায়গায় কাজের পার্সেন্টেজ অনেক বেশী, আমাদের এখানে শোনা যাচ্ছে কম। এতো কমে তো পারা যাবে না। আমি (উপাচার্য) বলেছি, আমি কমানো-বাড়ানোর কেউ না। আমার সাথে টাকা নিয়ে কোন কথা বলবে না। তোমরা সৌজন্য সাক্ষাৎ করতে আসছ, সাক্ষাৎ হয়ে গেলে তোমরা চলে যেতে পার।’

উপাচার্য বলেন, ‘ছাত্রলীগ আমাকে ব্যবহার করতে চেয়েছে। তারা দেখেছে জাহাঙ্গীরনগরে আন্দোলন চলছে, এই সুযোগে তাদের অপকর্ম ঢাকার জন্য এই আন্দোলনের সাথে আমাকে জড়িয়ে টাকা দেয়ার বিষয়টা ট্যাগ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘কিছু লোক আছে যারা আমাকে দুর্নীতিগ্রস্থ বানানোর জন্য চেষ্টা করছে। আমি এসবকে ভয় পাই না। আমার মনে হয় এসব নিয়ে ভালো অনুসন্ধান হওয়া দরকার।’

তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আমি যখন হাসপাতালে ছিলাম তখনও শোভন-রাব্বানী আমাকে ছাড় দেয়নি। রাত ১১টার পর হাসপাতালে গিয়ে আমার সাথে শিডিউল নিয়ে কথা বলেছে। আমি যখন শুনলাম আমার কক্ষের বাইরে এবং হাসপাতালের নীচে প্রায় ৩০০ ছেলে এসেছে তখন আমি অনিরাপদ বোধ করেছিলাম। নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন আরও দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ, আমার ঠিক উল্টো পাশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ভর্তি ছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের দুর্নীতি নিয়ে এবার নতুন গুঞ্জন ডালপালা মেলছে। এতদিন বিভিন্ন গণমাধ্যমে উপাচার্যের মধ্যস্থতায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে দুই কোটি টাকা ভাগ করে দেয়ার অভিযোগ উঠেছিল। এরমধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর একটি বিবৃতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যেখানে তিনি দাবি করেন ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হলে তারা উপাচার্যের সাথে দেখা করেন। কিন্তু টাকার বিষয়ে তারা কিছু জানেন না।’

তবে পাল্টা বক্তব্যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ‘কোনো টাকা লেনদেন হয়নি’ দাবি করে রাব্বানীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছে।

শুক্রবার (১২ সেরেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস ও জাবি শাখা ছাত্রলীগের দেয়া পৃথক বিবৃতিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনা হয়েছে।

Share





Related News

Comments are Closed