সিলেটে ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামের মো. শাহজাহান আহমদের বাড়িতে ডাকাতি ও মালামাল লুণ্ঠনের অভিযোগের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার আরও ৬ আসামীকে বেকসুর খালাসও দেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মোছাম্মৎ রোকসানা বেগম হেপী এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার শিববাড়ি শংঙ্কর সেন এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে ফুল মিয়া (৪২), একই থানার তাপসী পাড়ার রতিস দাসের ছেলে রণজিৎ দাস (৪৫), সিলেটের বালাগঞ্জ থানার শাহাপুর গ্রামের আব্দুল মতলবের ছেলে আব্দুস শহিদ (৩২) ও একই গ্রামের গোলাম রব্বানীর ছেলে বাদল মিয়া (৩৫)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রণজিৎ পলাতক রয়েছেন। আর অন্যরা সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
খালাসপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার টিলাগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে টুনু মিয়া (৩২), মাঈন উদ্দিনের ছেলে আলী আফজল (৪৫), কালু মিয়ার ছেলে রুমন (২২), বাদশা মিয়ার ছেলে সুজন (৩০) , আজমল মিয়ার ছেলে সাইদুল (২৮) ও রাজনগর আব্দুল্লাপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. আবু বক্কর (৩৪)।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এসএম পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ আগস্ট রাত আড়াইটায় সিলেটের বালাগঞ্জের হামছাপুর গ্রামের আব্দুল বারীর ছেলে মো. শাহজাহান আহমদের বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাত দল ঘরে থাকা স্বর্ণের গহনা, নগদ টাকা, দামি কাপড় ও আসবাবপত্র, দুটি মোবাইল ফোনসহ ২ লাখ ৫৩ হাজার ৯৫০টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহজাহান আহমদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে বালাগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা বালাগঞ্জ থানা পুলিশের এসআই মো. কামরুজ্জামান ১০ জনকে অভিযুক্ত করে ওই বছরের ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র (নম্বর-৯১) দাখিল করেন।
আদালত ২০১৬ সালের ৬ জানুয়ারি ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার কার্য শুরু করেন। আদালতে দীর্ঘ শুনানি ও ২১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed