Main Menu

ঈদের দিন নৌকাডুবিতে তরুণের মৃত্যু

দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঈদের নামাজে যাবার পথে নৌকা ডুবে নিখোঁজ প্রতিবন্ধী সোহাগ মিয়ার (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে সাকিতপুর গ্রাম সংলগ্ন নদীতে (কাটাগাংয়ের মুখে) নিহত সোহাগ মিয়ার লাশ ভেসে উঠলে তার স্বজন ও এলাকাবাসী থানায় সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজন ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, নৌকাডুবিতে নিহত সোহাগ উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামের সোহেল মিয়ার পুত্র। সে সরকারের ভাতাভোগী শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাত ও ডান পা অচেতন (অসার)। দরিদ্র সোহাগ কোরবানির গোশত সংগ্রহের আশায় ঈদের আগে তার মামা নজরুল ইসলামের মামাশ্বশুর বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামে যায় এবং সেখানে রাত্রিযাপন করে।

ঈদের দিন সকাল ৭টার দিকে নাগেরগাঁও হতে নদীর ওপারের পার্শ্ববর্তী সাকিতপুর ধনপুর গ্রামে যাবার উদ্দেশ্যে আরও ৪ জনের সাথে নৌকাযোগে রওয়ানা করে। এসময় মাঝ নদীতে নৌকা ডুবে গেলে স্থানীয় লোকজন ৪ জনকে উদ্ধার করলেও তলিয়ে যায় প্রতিবন্ধী সোহাগ। স্বজনরা এলাকাবাসীর সহায়তায় নিখোঁজ সোহাগকে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন৷ পরদিন মঙ্গলবার সকাল ৯ টায় সোহাগের লাশ পানিতে ভেসে উঠে।

দিরাই থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করার পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed