Main Menu

হযরত শাহজালাল(রহ.)-এর ওরস শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস মোবারক আজ মঙ্গলবার (২৩ জুলাই) শুরু হয়েছে।

সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরস। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গিলাফ চড়ানো হয়েছে। দেশ-বিদেশের দলবেঁধে আসা ভক্তদের হাতে ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল– বাবা শাহজালাল’! এরপর সারারাত জিকির আজকার, দোয়া ও মিলাদ মাহফিল হবে। রাত ৩টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বুধবার ভোরে শিরনি বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস।

দূরদূরান্ত থেকে আসা ভক্তরা জানান, হযরত শাহজালালের (রহ.) টানে প্রতিবছর শত কষ্ট স্বীকার করে হলেও ছুটে আসেন তারা। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি ভক্তরা প্রার্থনা করেন দেশ ও দশের মঙ্গল।

কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই নয় বিভিন্ন জাতি ধর্মের মানুষের পদচারণায় দরগাহ প্রাঙ্গণ যেন হয়ে উঠে সাম্প্রদায়িক মিলনমেলার তীর্থভূমি।

কয়েকদিন ধরে ভক্ত-আশেকানদের ভিড় বেড়েই চলেছে মাজার এলাকায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরসে শরীক হতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই অবস্থান করছেন মাজারের আশপাশের হোটেলগুলোতে। আবার অনেকেই বাস ট্রাক নিয়ে এসেছেন, অবস্থান করছেন গাড়িতেই। ফলে সোমবার থেকেই মাজার এলাকা মুখর হয়ে উঠেছে হাজারো লোক সমাগমে।

ওরস উপলক্ষে সোমবার পর্যন্ত ভক্ত-আশেকানরা শতাধিক গরু ও খাসি এনেছেন নজরানা হিসাবে। সারাদেশ থেকে আসা ভক্ত-আশেকানদের মধ্যে শিরনি বিতরণের জন্য পশুগুলো জবাই করা হয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জিকির ও এবাদত বন্দেগির মাধ্যমে ভক্তরা সময় অতিবাহিত করবেন।

বুধবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী ওরস শেষ হবে। মোনাজাতের পর পরই অগণিত ভক্তদের মাঝে বিতরণ করা হবে শিরনি। ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণে বসতে শুরু করেছে বাউলদের আসর। শান্তিপূর্ণভাবে বার্ষিক এই উৎসব সম্পন্ন করতে মাজার কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ওরসের নিরাপত্তায় মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাস টার্মিনাল থেকে শুরু করে ওরসে আগমনকারীদের নিরাপত্তা পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ কাজ শুরু করেছে। সহস্রাধিক পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

দরগাহর সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান বলেন, ওরস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ জন সফরসঙ্গী নিয়ে ইসলাম প্রচারের জন্য সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করার পর সিলেটে যে টিলায় তিনি বসবাস করতেন, ওফাতের পর সেখানেই তাঁকে দাফন করা হয়। তাঁর কবরকে ঘিরেই পরে গড়ে ওঠে মাজার।

এদিকে, ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ চড়িয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে তিনি এ গিলাফ প্রদান করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন। ওরস উপলক্ষে প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ খেকে গিলাফ চড়ানো হয়।

Share





Related News

Comments are Closed