Main Menu

কুলাউড়ায় ১৩ দফা দাবিতে ধর্মঘটে চা শ্রমিকরা

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লুহাইনি চা-বাগানের চা শ্রমিকরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমস্যা সমাধানের দাবিতে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে শনিবার (৬ জুলাই) সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন এই চা-বাগানের শ্রমিকরা।

লুহাইনি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রবি ভূমিজ বলেন, ‘আমাদের ১৩ দফা দাবি নিয়ে গতকাল শুক্রবার (৫ জুলাই) দুর্গামন্ডপে একটি সভা আয়োজন করার কারণে আজ আমাদের দুইজনের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা আজ থেকে কর্মবিরতি শুরু করেছি।’

চা শ্রমিক নেতা বিশ্বজিৎ কৈরী বলেন, ‘আমরা আমাদের ১৩ দফা দাবি নিয়ে বাগান মালিকদের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাইনি। উল্টো আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে ।’

জাগরণ যুব ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের উপদেষ্টা মোহন রবিদাস বলেন, ‘এই চা-বাগানের বর্তমান অবস্থা খুবই খারাপ। এখানে শ্রমিকদের দাবি পূরণে মালিকপক্ষ কোনো উদ্যোগ হাতে না নেয়ায় চা শ্রমিকরা আন্দোলন-সংগ্রামের পথ বেছে নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।’

ছাত্রনেতা বাবুল গোয়ালা বলেন, ‘আমাদের চা-বাগানের বর্তমান সংকট মোকাবিলায় সকল চা-বাগানের চা শ্রমিক ও ছাত্র-যুবকদের আহ্বান জানাচ্ছি।’

চা শ্রমিকদের দাবিগুলো হলো-

১. জোরপূর্বক চা শ্রমিকদের জায়গা-জমি কেড়ে নেয়া যাবে না;
২. দীর্ঘদিন থেকে কাজ করা অস্থায়ী চা শ্রমিকদের অবিলম্বে স্থায়ী করতে হবে;
৩. চা শ্রমিকদের ঘর-বাড়ি মেরামতে উদ্যোগ নিতে হবে;
৪. মন্দির-মসজিদের রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় লোক নিয়োগ করতে হবে;
৫. শ্মশানঘাটের জায়গা দখল করা যাবে না;
৬. গো-চারণের জন্য নির্ধারিত দখলকৃত জায়গা ফিরিয়ে দিতে হবে;
৭. স্থানীয় ঠিকা শ্রমিকদের জন্যও রেশনের ব্যবস্থা করতে হবে;
৮. চা শ্রমিকদেরকে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করতে হবে;
৯. প্রত্যেক চা শ্রমিক পরিবারে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করতে হবে;
১০. স্প্রেয়িং সেকশনে কর্মরত সকল শ্রমিকদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করতে হবে;
১১. নারী চা-শ্রমিকদের দিয়ে চা কারখানায় কাজ করানো যাবে না;
১২. অবসরপ্রাপ্ত শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে;
১৩. চা-বাগানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

Share





Related News

Comments are Closed