Main Menu

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মসজিদের আম পাড়তে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় মন্তর মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

বুধবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর মাস্টারের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মন্তর মিয়া একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে। এঘটনায় বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত নারী পুরুষসহ ৬জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার ইফতারের পূর্বে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর মাস্টারের দোকান এলাকার একটি মসজিদের গাছের আম পাড়ছিলেন কয়েকজন লোক। এসময় মন্তর মিয়া তাদের আম পাড়তে বাঁধা দেন। এ নিয়ে মন্তর মিয়ার সাথে ওই এলাকার লাল মিয়া, রহমান কারী, পাবলু মিয়া, ছালূ মিয়া, ও সিপার মিয়াসহ তাদের বাড়ির নারীদের কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রহমান কারী, পাবলু মিয়া, ছালূ মিয়া, ও সিপার মিয়াসহ তাদের লোকজন মন্তর মিয়াকে মাটিতে ফেলে লাথি ও কিলঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই মন্তর মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মন্তর মিয়ার ছেলে জাহেদ মিয়া ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে।

নিহতের ছেলে জাহেদ মিয়া বলেন, ‘আমি রাজমিস্ত্রীর কাজ করি। ঘটনার সময় কাজ থেকে এসে বাড়িতে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আশেপাশের লোকজনের চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখি লাল মিয়া, রহমান কারী, পাবলু মিয়া, ছালূ মিয়া ও সিপার মিয়াদের বেপরোয়া মারধরে আমার বাবা মাটিতে অচেতন পড়ে আছেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন এ ঘটনায় লাল মিয়াসহ তিনজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়েছে হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed