Main Menu

ব্যাংককে নেওয়া হলো সাংবাদিক মাহফুজ উল্লাহকে

বৈশাখী নিউজ ডেস্ক : সাংবাদিক মাহফুজ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। ১০ এপ্রিল বুধবার দিবাগত রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক মাহফুজ উল্লাহ হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে সাংবাদিক মাহফুজ উল্লাহকে চিকিৎসা দেওয়া হবে। তার সঙ্গে তার অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে ডা. মেঘলা ও জামাতা মিনহাজুল আবেদীন রয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে মাহফুজ উল্লাহকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেন।

দেশের একজন প্রথিতযশা সাংবাদিক মাহফুজ উল্লাহ। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়া খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

Share





Related News

Comments are Closed