Main Menu

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষক তোতন মিয়া হত্যা মামলায় ছয় ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের আরও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রমক কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মেশাহিদ, একই গ্রামের মোহন মিয়া, একই উপজেলার বাঘহাটি গ্রামের জিয়াউর রহমান, আটপাড়া গ্রামের ওয়াহাব উল্লা, মধ্যপাড়া মহল্লার চান মিয়া ও মিরকা গ্রামের দিলু মিয়া।

হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মো. আল আমিন জানান, ২০০৫ সালের ৩০ অক্টোবর আসামিরা তোতন মিয়াকে বাবুর্চি হিসেবে একটি জলমহালে নিয়ে যায়। পরে বিকালে তাকে গলাকেটে হত্যা করে লাশ হাওরে ফেলে দেয়।

এ ঘটনায় পর নিহতের স্ত্রী আনোয়ারা আক্তার বাদী হয়ে ২০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আজমিরীগঞ্জ থানার তৎকালীন ওসি শ্যামলকান্তি ২০ জনের বিরুদ্ধে ২০০৬ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

এছাড়াও মামলায় অন্য ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না থাকায় তাদের বেকসুর খালাস দেন আদালত। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত মোশাহিদ ও জিয়াউর আদালতে উপস্থিত ছিলেন এবং অন্য চারজন পলাতক রয়েছেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক জানান, আদালতে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed