Main Menu

ডাকসুর দায়িত্ব নিলেন নুর-রাব্বানীরা

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সভা শুরু হলো আজ। এই সভার মাধ্যমে ডাকসু কমিটির অভিষেক হলো। এ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিত সদস্যরা।

শনিবার ( ২৩ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের দ্বিতীয় তলায় সাধারণ সম্পাদকের কার্যালয়ের বিপরীত পাশের রুমে সভাটি শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। এতে সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীসহ ডাকসুর ২৫টি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। সভাকক্ষের পাশের রুমেই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের কার্যকরী সভা অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, সভায় নবনির্বাচিত কার্যকর পরিষদের সদস্যদের সঙ্গে পরিচিতি, শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব গ্রহণসহ পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হবে।

এদিকে ডাকসুর নির্বাচিত ভিপি, জিএস ও এজিএসের অফিস রুম প্রস্তুত করা হয়েছে। আজ সবাই নিজ নিজ রুমে বসবেন।

ডাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ১৮টি হলের ১২টিতেই ভিপি-জিএসসহ অধিকাংশ পদে জয় পায় তারা। বাকি ছয়টিতে স্বতন্ত্র পদে ভিপি-জিএসসহ কিছু পদে জয় পায় স্বতন্ত্র প্রার্থীরা।

নতুন করে ভোটের দাবিতে আন্দোলনের মধ্যেই ২৮ বছর পর আবারও যাত্রা শুরু করল ডাকসু। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। সেবছর ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর শুধু ডাকসু নয়, কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। গত ১১ মার্চ নির্বাচনের মাধ্যমে আবারও প্রাণ ফিরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদের।

এদিকে ১১ মার্চ নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ তুলে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন বর্জন করে পুননির্বাচনের দাবি জানানোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন ভিপি নুর। তাই কার্যকরী সভার আগের দিন পর্যন্ত দায়িত্ব নেওয়া নিয়ে ধোঁয়াশার মধ্যে রেখেছিলেন তিনি। গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভা শেষে ডাকসুর প্রথম কার্যকরী সভার তারিখ ২৩ মার্চ ঘোষণা করা হয়। সভার একদিন আগে শুক্রবার (২২ মার্চ) বিকালে এক সংবাদ সম্মেলন করে ডাকসু’র ভিপির দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছিলেন নুর।

Share





Related News

Comments are Closed