Main Menu

বোয়িং ৭৩৭-এর সব ফ্লাইট বাতিল করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হওয়ার পর এই মডেলের বিমানের সব ফ্লাইট বাতিলে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে চীন।

বিমান নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সোমবার রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

গতকাল রোববার সকালে আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ জন ক্রু-সহ ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি। স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়নের ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। সংস্থাটির মুখপাত্র বলেছেন, ইথিওপিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানটির ১৪৯ আরোহী ও আট ক্রুর সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন। ইতোমধ্যে চীনের আট নাগরিক ওই বিমানে ছিলেন বলে জানিয়েছে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস।

গত পাঁচ মাসে এ নিয়ে দ্বিতীয় বারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। এক বিবৃতিতে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, কবে আবার বিমান সংস্থাগুলো পুণরায় বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানের ফ্লাইট শুরু করতে পারবে সে বিষয়ে তাদের অবহিত করা হবে।

Share





Related News

Comments are Closed