Main Menu

বিজিবি’র গুলিতে নিহত কিশোরের দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিজিবি’র গুলিতে নিহত কিশোর সিরাজের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর গ্রামের মসজিদে নামাজে জানাযা শেষে মহল্লার কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বিকেলে ময়না তদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে পৌছলে স্বজনদের কান্নায় বাড়ির বাতাস ভারী হয়ে উঠে। পাহাড়ী এলাকার দরিদ্র এ কিশোরকে এক নজর দেখার জন্য গ্রামের সকল বয়সের নারী পুরুষের ভিড় ছিল লক্ষণীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ৪ ভাই ৫ বোনের মধ্যে নিহত কিশোর সিরাজ ছিল সবার ছোট। সে স্থানীয় সুনারতনপুঞ্জি রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর ছাত্র।

সরেজমিনে নিহতের বাড়িতে গেলে তার বড় ভাই ইসলাম উদ্দিন এ ঘটনার সুষ্টু তদন্তের মাধ্যমে ভাই হত্যার বিচার দাবী করেন। এ সময় প্রতিবেশী সামছুল হক, আব্দুল হান্নান, আব্দুল মালিক ফারুক আহমদ ও কুতুব উদ্দিন জানান এ ঘটনায় নিহত কিশোর ছিল একেবারে নির্দোষ। ঐদিন সন্ধ্যায় সে স্থানীয় সুরইঘাট বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিল। কিন্তু বিজিবি’র গুলিতে সে নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহত কিশোরের সাথে থাকা কিশোর রেওয়ান ও শরীফ উদ্দিন জানান, তারা এক সাথে কেনাকাটা করে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে বিজিবি গুলি করলে সিরাজ মাটিতে লুটিয়ে পড়ে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি গ্রাম দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা একটি বিদেশী সিগারেটের চালান আটক করে বিজিবি। এ সময় চোরা কারবারীরা আটককৃত সিগারেট বিজিবি’র কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিজিবি’র সাথে চোরাকারবারীদের সংঘর্ষ হয়। এতে বিজিবির ৩ সদস্য চোরাকারবারীদের হামলায় আহত হলে আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি’র সুনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের পুত্র পথচারী কিশোর সিরাজ উদ্দিন (১২) মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে স্থানীয়রা নিহত কিশোরকে উদ্ধার করে কানাইঘাট হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং। ঘটনার রাতেই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ওসি (তদন্ত) নুনু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও বিজিবি’র সিলেটের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এদিকে, কানাইঘাটের সুরইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকায় বিজিবির ওপর চোরাকারবারীদের হামলা ও গোলাগুলিতে কিশোর নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার সুরইঘাট বিওপির কমান্ডার সুবেদার সুরত আলী বাদি হয়ে থানায় মামলা দুটি দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ শতাধিক লোককে আসামী করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুনু মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মালামাল আটকের জন্য বিশেষ ক্ষমতা আইনে একটি (নং-১৬) ও বিজিবির ওপর হামলার ঘটনায় একটি (নং-১৭) মামলা দায়ের হয়েছে।’

Share





Related News

Comments are Closed