Main Menu

জগন্নাথপুরে নির্মাণ হচ্ছে ‘ব্রিটিশ বাংলা এডুকেশন সেন্টার’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিগত ১৯ বছর ধরে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট। প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে এ পর্যন্ত মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এবার ট্রাস্টের উদ্যোগে ‘ব্রিটিশ বাংলা এডুকেশন সেন্টার’ নির্মাণ করা হচ্ছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শহরের হবিবনগরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আগামাী বুধবার ওই এডুকেশন সেন্টারটির নির্মাণ কাজ শুরু হচ্ছে। নির্মাণ ব্যয়ে বাংলাদেশ সরকারও সহযোগিতা করছে। নির্মাণ কাজ শেষ হলে ব্রিটিশ বাংলা এডুকেশন সেন্টারটি শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ ও লাইব্রেরি সুবিধাসহ শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে।

সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও তুলে ধরেন ট্রাস্টের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৪ শতক জায়গার উপর তিনতলা বিশিষ্ট সেন্টারটি নির্মাণে ৪ কোটি টাকার উপর ব্যয় হবে। ইতোমধ্যে সরকার থেকে ১ কোটি ৪৫ লাখ টাকাও প্রদান করা হয়েছে। আরও দুই কোটি টাকা বরাদ্দের আশা করা হচ্ছে। সেন্টার নির্মাণে স্থানীয় এমপি, বর্তমান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সহযোগিতা রয়েছে। এর আগে গত বছরের ১৫ মার্চ অর্থ প্রতিমন্ত্রী থাকাবস্থায় তিনি সেন্টারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০০১ সালে ট্রাস্টের যাত্রার কথা জানিয়ে মহিব চৌধুরী বলেন, বর্তমানে ট্রাস্টির সংথ্যা ১৫৩ জন। ট্রাস্টের ফান্ডে ৪ কোটি টাকা জমা রয়েছে। প্রতিবছর মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে। গত বছরও জেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্টানের ৭ শতাধিক জিপিএ-৫ প্রাপ্তসহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩০ লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই আজ দেশ বিদেশের সর্বোচ্চ বিদ্যাপিট গুলোতে পড়ছে। সেন্টার নির্মাণ শেষ হলে ট্রাস্টের কাজ আরও গতিশীল হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌল অধিদপ্তরের তত্তাবধানে প্রকল্পটি সম্পন্ন করতে বাস্তবায়ন কমিটিতে রয়েছেন মহিব চৌধুরী, আশিক চৌধুরী, নুরুল হক লালা, মুজিবুর রহমান মুজিব ও হাসনাত আহমদ চুনু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ আহাদ, ট্রাস্টি নুরুল হক লালা, ট্রাস্টি মোবারক আলী, প্রবাসী সাংবাদিক সাইদ চৌধুরী।

Share





Related News

Comments are Closed