Main Menu

বিশ্বম্ভরপুরে প্রতারনার দায়ে মহিলা আটক

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : জেএস কনজিউমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড নামের ভোক্তা কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে অভিনব জালিয়াতি ও প্রতারনার দায়ে সেলিয়া বেগম (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যাকে আটক করেছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দশঘর গ্রামে থানার এসআই জহর লালের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনতাধৃত ঐ মহিলাকে আটক করা হয়।

আটককৃত সেলিয়া বেগম তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।

সেলিয়া বেগমের কাছে প্রতারিত হয়েছেন স্থানীয় বাকগাঁও গ্রামের মোঃ মদরিছ আলীর কন্যা কলেজ ছাত্রী রাশেদা বেগম, দশঘর গ্রামের রতন মিয়ার স্ত্রী জাহেদা খাতুন, মজুমদারী গ্রামের স্বপন পালের স্ত্রী চন্দনা পাল ও দশঘর গ্রামের চাঁন বাদশার ছেলে মোবারক হোসেনসহ এলাকার প্রায় অর্ধশতাধিক শিশু নারী ও পুরুষ।

প্রতারনার বিষয়ে প্রতারিতদের পক্ষে রাশেদা বেগম বাদি হয়ে আটককৃত সেলিয়া বেগমসহ ৩ জনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরাপর অভিযুক্তরা হচ্ছেন চাঁদপুর জেলা সদরের শাহিনা মিনি টাওয়ারের একটি ভোক্তা কোম্পানীর পরিচালক জসিম উদ্দিন ও সুনামগঞ্জের উকিলপাড়া আবাসিক এলাকার ভাড়াটে বাসিন্দা খালেদা আক্তার।

মামলার অভিযোগে প্রকাশ, গ্রামের সহজ সরল নারী পুরুষকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার থেকে ৫ হাজার টাকাসহ বিভিন্ন অংকের নগদ টাকা হাতিয়ে নেয় ঐ মহিলা। মঙ্গলবার সকাল ১১টায় প্রতিবারের ন্যায় দশঘর গ্রামের সৈয়দ আলীর বাড়িতে এসে ২ জন লোকের কাছ থেকে নগদ আড়াই হাজার টাকা গ্রহন করতে গেলে টাকাসহ গ্রামের মহিলারা তাকে আটক করেন। আটক থাকাবস্থায় এলাকার চেয়ারম্যান মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতারিতদের প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ফেরত দানের জন্য তাকে সময় ও সুযোগ দেন। কিন্তু ৫ ঘন্টার সুযোগ দানের পরও প্রতারিতদের টাকা ফেরত প্রদানে ব্যর্থ হওয়ায় উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করেন।

পলাশ ইউনিয়ন পরিষদের সদস্যা আমিনা আক্তার বলেন, ঐ মহিলা শুধু জেএস কনজিউমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড এর নামেই নয় বাংলাদেশ মানবাধিকার কমিশন নামক সংগঠনের নামেও প্রতারনামূলকভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান ও পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়্যুম মাস্টার প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাতের দায়ে সেলিয়া বেগমকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ মহিলার বিরুদ্ধে মিথ্যা প্রলোভনে জাল জালিয়াতির আশ্রয়ে শিক্ষিত বেকার যুবক যুবতী ছাড়াও সাধারন মানুষের কাছ থেকে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ রয়েছে।

Share





Related News

Comments are Closed