Main Menu

সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে জামায়াতের সমর্থন!

বৈশাখী নিউজ ডেস্ক: সকল জল্পনার পর অবশেষে সিলেটের জামায়াতের ঘাঁটি হিসেবে খ্যাত সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে সমর্থন দিয়েছে দলটি। এ আসনে জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ঐক্যফ্রন্টের প্রাথমিক মনোনয়ন পান; যদিও পরে চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। এরপর থেকে ভোটের প্রচারণায় নিস্ক্রিয় অবস্থানে ছিল জামায়াত।

ধানের শীষের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি। তিনি মঙ্গলবার জামায়াতের মান ভাঙাতে ছুটে যান দলটির সিলেট জেলা উত্তর কার্যালয়ে। সেখানে জামায়াত এবং তার দল জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ যৌথ সভায় মিলিত হন। এতে মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার বক্তব্যে বলেন, ‘দেশ ও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাকে সহযোগীতা করুন।’

তিনি বলেন, ‘ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নেয় ইসলাম বিরোধী শক্তিগুলো। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিকালে সকল ইসলামী শক্তিকে এক হতে হবে। অতীত পেছনে ফেলে দল, জোট, দেশ ও ইসলামের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।’ আগামী ৩০ তারিখের নির্বাচনে সম্মিলিতভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

সভায় জামায়াতের জেলা উত্তরের আমির হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান তাকে আশ্বস্থ করে বলেন, ‘সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আলেম ওলামাদের ঘাটি। ইসলামী আন্দোলনের উর্বর এই ভূমিতে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির বিজয় ঘটাতে দেশ ও ইসলামের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।’

সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা (উত্তর) জামায়াতের নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুদ্দীন, মাস্টার সাঈদুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা নিজাম উদ্দিন খান, আনোয়ার হোসাইন, কানাইঘাট উপজেলা আমির মাওলানা আব্দুল মালিক, নায়েবে আমির মাওলানা আব্দুল করীম ও মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা শরীফ আহমদ, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, জৈন্তাপুর উপজেলা আমির মাওলানা মামুনুর রশীদ।

জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলা সহ-সভাপতি আব্দুর রহমান সিদ্দিকী, জেলা সেক্রটারি মাওলানা আতাউর রহমান, প্রার্থীর ভাই খালিদ সাইফুল্লাহ, কানাইঘাট জমিয়তের সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ, সেক্রেটারী মুফতী এবাদুর রহমান, মাওলানা নূর আহমদ কাশিমী প্রমুখ।

উল্লেখ্য, এ আসনে জয়লাভে জামায়াতের ভোট অন্যতম ফ্যাক্টর ছিল। তাদের সমর্থন পাওয়ায় লড়াইয়ে একধাপ এগিয়ে গেলেন ওবায়দুল্লাহ ফারুক। সীমান্তবর্তী আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনসহ আটজন প্রার্থী নির্বাচনে লড়ছেন। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed