Main Menu

সাবেক স্পীকার হুমায়ুন পত্নীর দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কৃতি সন্তান সাবেক স্পীকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর সহধর্মিনী মিসেস মাহজাবীন রশীদ চৌধুরী গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর পৌণে ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ২ নাতি, ১ নাতনি আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার ১ম নামাজে জানায ২২ ডিসেম্বর শনিবার বাদ জোহর ঢাকাস্থ ধানমন্ডি’র তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণে এবং একই দিন বাদ এশা সিলেট হযরত শাহজালাল রহ.’র দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দরগাহ গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। তার জানাযার নামাজে ইমামতি করেন হযরত শাহজালাল র. দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজদ।

নামাজে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীয়ত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট চা-কর ইমরান রশীদ চৌধুরী, হেরল্ড রশীদ চৌধুরী, ডাঃ হারুন রশীদ চৌধুরী, ফাহমি মুরসালীন রশীদ চৌধুরী, কামাল উদ্দিন মোল্লা, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আজমল আলী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদক আব্দুল হাই রাজিব, সিলেট সদর উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক, হুমায়ুন রশীদ চৌধুরী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য এইচ.এম.এ মালিক ইমন, রোটারিয়ান মাহবুবুর রহমান মাহবুব, জাবেদ সিরাজ, রাহাত তাফাদার, আবুল হোসেন, শাহ আফজাল হোসেন, মরহুমার নাতি মিশাল করিম, মাশহুন রশীদ চৌধুরী প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে মরদেহটি এসে পৌছে। এ সময় মরদেহটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশিষ্ট চা-কর আফজাল রশীদ চৌধুরী, বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য এইচ.এম.এ মালিক ইমন সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মরদেহ’র সাথে আসেন নাতি মিশাল করিম, মাশহুন রশীদ চৌধুরী, মৃনাল রশীদ চৌধুরী, মিসেস নোমান রশীদ চৌধুরী, কামাল উদ্দিন মোল্লা।

শনিবার সন্ধ্যায় মরহুমা মাহজাবীন রশীদ চৌধুরীর পরিবারবর্গকে সমবেদনা জানাতে দরগাহ গেইটস্থ রশীদ মঞ্জিলে যান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের সদস্য শামসুন নাহার মিনু।

Share





Related News

Comments are Closed