প্রধানমন্ত্রী সিলেট আসছেন আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (২২ ডিসেম্বর) সিলেটে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
সেখান থেকে পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ:), হযরত শাহপরান (রহ:) ও নগরীর কুশিঘাটে সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বুরহান উদ্দিন (রহ:) এর মাজার জিয়ারত করবেন।
এরপর সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুসারে জনসভা শেষ করে বিকেল সাড়ে ৪টার বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
চলতি বছরে এটি প্রধানমন্ত্রীর সিলেটে দ্বিতীয় সফর। এর আগে ৩০ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
এদিকে দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে সিলেটজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে একাধিক আনন্দমিছিলসহ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, দলীয় প্রধান সিলেট এলে এমনিতেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এবার নির্বাচনী মৌসুম হওয়ায় সেই উদ্দীপনা আরও বহুগুণ বেড়ে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ও জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরকে নিশ্চিদ্র করতে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নগরজুড়ে নিরপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, ‘প্রধানমন্ত্রীর সিলেট সফরকে নিশ্চিদ্র করতে মহানগরে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে কয়েক স্থরের নিরাপত্তা বেস্টনি গড়ে তোলা হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার এলাকায় সিসি ক্যামেরার বিশেষ ব্যবস্থা কর হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়েও সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত এ উপ-পুলিশ কমিশনার।
অপরদিকে দলীয় সভানেত্রীর সিলেট আগমনে নৌকার গণজোয়ার আরো বেগবান হবে এমনটা প্রত্যাশা সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. একে আব্দুল মোমেনের। তিনি বলেন, সিলেটে নৌকার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে তা আরও বেগবান হবে। তাঁর নির্দেশনা পেয়ে নেতাকর্মীরা আরও বিপুল উৎসাহে প্রচার-প্রচারণায় নামবে।
তবে দলীয় অভ্যন্তরীণ বিভেদের বিষয় অস্বীকার করলেও শেখ হাসিনার আগমন সকলকে আরো অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা আওয়ামী লীগ নেতাদের।
এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, সিলেট আওয়ামী লীগে কোন বিভেদ নেই। নৌকা মার্কার জয়ের লক্ষ্যে সিলেট আওয়ামী লীগ একাট্টা। তবে সভানেত্রীর এ আগমন সকল নেতাকর্মীকে আরো অনুপ্রাণিত করবে। বিজয়ের এ মাসে আরো একটি বিজয় আনতে সকলে অনুপ্রাণিত হবে।
তিনি আরো বলেন, যেহেতু এটি একটি নির্বাচনী সফর, তাই নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখেই আমরা সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছি। এমনকি জনসভায় যে মঞ্চ তৈরি করা হয়েছে এটিও ২০ ফুটের নিচে করা হয়েছে। তাই এখানে সিলেটবাসীর জন্য আনুষ্ঠানিক কোন প্রতিশ্রুতি দেয়ার সুযোগ না থাকলেও অতীতের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তোলে ধরেই নৌকা মার্কায় ভোট চাইবেন তিনি।
এদিকে সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সভামঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকালে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, সকল প্রস্তুতি প্রায় শেষ। মঞ্চ নির্মাণও প্রায় শেষ। চলছে মাইক সেটিং এর কাজ। জনসভাস্থলের সকল কার্যক্রম পরিদর্শনও করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সকাল হলেই জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হতে থাকবে এমনটাই প্রত্যাশা সিলেট আওয়ামী লীগ নেতাদের।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed