Main Menu

‘নির্বাচনের মাধ্যমে জনগণের রাজত্ব কায়েম করব’

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বর্তমান স্বৈরাচারের (আওয়ামী লীগ) সাথে আশির দশকের স্বৈরাচার (জাতীয় পার্টি) এক হয়েছে। এ দুই স্বৈরাচার মিলে যতই ষড়যন্ত্র করুক, আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের রাজত্ব কায়েম করব।’

বুধবার বিকেলে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি সকল ভয়-ভীতি উপেক্ষা দলের নেতা-কর্মীদের মাঠে থাকারও আহ্বান জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র নজরুল ইসলাম খান আরও বলেন, ‘খালেদা জিয়া কারাগারে থাকলেও জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মাঠে নেমেছে। এ লড়াইয়ে জনগণের বিজয় অবশ্যম্ভাবী। বিজয় হবেই হবে।’

উল্লেখ্য, বুধবার ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ ৫ নেতা সিলেটে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণায় নামেন।

শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দুপুর থেকেই দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় নেতাকর্মীরা ভীড় করেন। তারা সেখানে ‘ধানের শীষ’র পক্ষে স্লোগানও দেন।

Share





Related News

Comments are Closed