Main Menu

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নজির হোসেন

সুনামগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ আসনের তিনবারের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন।
কৌশলগত কারনে বিকল্প প্রার্থী হিসাবে একই আসনে জেলা বিএনপির সহ সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে দলীয় প্রার্থীদের দ্বিতীয় ধাপে নাম ঘোষণাকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের হাতে নজির হোসেনের প্রার্থীতার চিঠিটি তুলে দেন।
নজির হোসেন ১৯৯১ সালে সিপিবি থেকে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বিএনপিতে যোগদান করেন।
পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয় বারের মত বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি একাধারে ১০ বছর জেলা বিএনপির সাধারন সম্পাদক, ৫ বছর জেলা বিএনপির সভাপতি দায়িত্বপালন করা ছাড়াও ২০০১ বিএনপির সরকারের আমলে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
এদিকে নজির হোসেনের বিএনপির মনোনয়ন প্রাপ্তিতে নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা এলাকায় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছুটা চাঙ্গাভাব এমনকি উচ্ছাস লক্ষ করা গেছে।
প্রসঙ্গত: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তৃতীয় বারের মত আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দু’বারের সংসদ সদস্য মোয়াজ্জোম হোসেন রতন এমপি।

Share





Related News

Comments are Closed