নিপুণ রায়সহ ৭ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে মনোনয়ন সংগ্রহ করতে আসা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়কে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় বিএনপির আরও ৭ নেতাকর্মীকেও কারাগারে পাঠানো হয়েছে।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২২ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।
এর আগে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গত ১৫ নভেম্বর রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং তার গাড়িতে থাকা সংগীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে ডিবি। কিছুক্ষণ পর বেবী নাজনীনকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়। পরদিন নিপুণ রায়কে আদালতে হাজির করলে তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় পৃথক ৩টি মামলা করা হয়। প্রতিটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়।
উল্লেখ্য, মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে গত ১৪ নভেম্বর দুপুরে নয়াপল্টনে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা।
সংঘর্ষের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে স্বৈরাচার সরকারের সন্ত্রাসবাহিনী ঢুকে পুলিশের ওপর বোতল নিক্ষেপ করেছে। সেই বোতল নিক্ষেপ করাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ ঘটেছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাত্রদাহ থেকেই এই হামলা চালানো হয়েছে।’
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed