Main Menu

ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগের মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনকে ৩ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক মাহবুব রহমান এ রায় ঘোষণা করেন।

তিন বছর কারাদণ্ডের পাশাপাশি আসামিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস কারা ভোগ করতে হবে বলে রায়ের উল্লেখ রয়েছে।

মামলাটির অভিযোগ বলা হয়, আসামি মোহাম্মাদ হোসেনের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ১১ লাখ ৭১ হাজার ৫০৮ টাকার সম্পদের তথ্য পায় দুদক।

২০১৬ সালের ১৫ জুনে দুদকের পক্ষ থেকে ৭ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয়। ওই সময় ডেসটিনির অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা অর্থপাচার মামলায় তিনি কারাগারে ছিলেন। ২০১৬ সালের ২০ জুন তিনি কারাগারে দুদকের নোটিশ পান। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে হিসাব দাখিলের জন্য সময় চান। দুদক হিসাব দাখিলের জন্য আরো সাত কার্যদিবস সময় দিলেও পরে তিনি তার সম্পদের হিসাব কমিশনে দাখিল করেননি।

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সম্পদের হিসাব দাখিল না করায় তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন।

২০১৭ সালের ৬ জুন তদন্ত শেষে একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

Share





Related News

Comments are Closed