Main Menu

সিলেটে শাহরিয়ারসহ বিএনপির ৬ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটস্থ বাসা থেকে শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত পৌঁনে ৯টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি আরো জানান, ‘আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা আছি। পুলিশ বাসা ঘিরে রেখে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে।’

শাহরিয়ার এবং কয়েস লোদী ছাড়াও আরো ৪ নেতাকর্মীকে নগরীর উপশহর এলাকা থেকে আটক করা হয়েছে বলেও দাবি করেন আলী আহমদ।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে।’

তিনি আরো বলেন, ‘সমাবেশের প্রচারে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের মাইক নিয়ে গেছে তারা। আমরা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা অবরুদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি ছালেহ আহমদ খসরু।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, ‘পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান করছে। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।’

উল্লেখ্য, আগামীকাল বুধবার সিলেটে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এই ফ্রন্টে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য রয়েছে।

Share





Related News

Comments are Closed