Main Menu

ড. কামালসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রেজিস্ট্রার মাঠে বুধার ঐক্যফ্রন্টের জনসভাকে সামনে রেখে প্রস্তুতি সমন্বয় করতে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সিলেট পৌঁছেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অগ্রগামী দলের এ দুই সদস্য মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৬০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

একই ফ্লাইটে ঐক্যফ্রন্টের প্রধান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এবং সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনও সিলেট এসেছেন বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই এই সমাবেশ।

তিনি বলেন, এটা জনগণের দাবি, জনগণ এসেই সমর্থন দিয়ে যাবে।

দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি বুধবারের সমাবেশ থেকে ঘোষণা করা হবে বলে জানান কামাল।

এসময় ড. কামালসহ নেতৃবৃন্দকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেকসহ সিলেট বিএনপির নেতাকর্মীরা। এরপর তিনি সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে বিমান বন্দর ত্যাগ করেন।

অপরদিকে মঙ্গলবার সিলেটের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আ স ম আবদুর রব। তার গাড়িবহরে দলের একাধিক নেতাও রয়েছেন।

এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের আরও কয়েকজন শীর্ষ নেতা বুধবার ভোরে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তবে নেতৃবৃন্দের প্রত্যেকেই পৃথকভাবে সিলেটে যাচ্ছেন।

বুধবার বেলা দুইটায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভার মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ড. কামাল এর নেতৃত্বাধীন নবগঠিত এ জোট। এতে গণফোরাম ছাড়াও রয়েছে- বিএনপি, নাগরিক ঐক্য এবং জেএসডি (রব)। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed