প্রিন্সিপাল হাবীবুর রহমানের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশিষ্ট আলেম, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নগরীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর নামাজে জানাজা আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
প্রিন্সিপাল হাবীবুর রহমানের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘনশ্যাম গ্রামে।
কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শাহ মমশাদ আহমদ জানান, প্রিন্সিপাল হাবীব হার্টের সমস্যা ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ভারতে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার তিনি দেশে ফেরেন। অবস্থার উন্নতি হওয়ায় গত বুধবার ও বৃহস্পতিবার তিনি যথারীতি মাদ্রাসায়ও আসা-যাওয়া করেন। বৃহস্পতিবার রাত ১২টায় তার শারীরিক অবস্থার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ইন্তেকালের পর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন। নব্বইয়ের দশকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে তিনি প্রথমে আলোচনায় আসেন।
অনেকের কাছে তিনি ‘বুলবুলি মাওলানা’ হিসেবে পরিচিত ছিলেন। জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও তিনি সিলেটে আন্দোলন করেছেন।
গত ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী সমঝোতা হয়। সেই সমঝোতা স্মারকে এরশাদ ও হাবীবুর রহমান সই করেন। সিলেটের একটি আসন থেকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
তাঁর মৃত্যু সংবাদ শুনে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াসহ তার বিপুল সংখ্যক ছাত্র ও দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর শোক
বাংলাদেশে ইসলামী রাজনৈতিক আন্দোলনের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর এবং সিলেট নগরীর ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা হাবীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মরহুম মাওলানা হাবীবুর রহমান ছিলেন সহীহ্ আক্বীদার পীর, একজন বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন, ইসলামী চিন্তাবিদ ও সাহসী মর্দে মুজাহিদ। তাঁর মৃত্যুতে মুসলিম জাতির অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সিসিক মেয়র বলেন, তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন ইসলামের সেবককে হারিয়েছে উল্লেখ করেন তিনি। এ ক্ষতি পূরণ হবার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed